সরকারি সেবামূলক দপ্তরের ভেতরেই বহিরাগত নারীকে নিয়ে টিকটক ভিডিও করার অভিযোগ উঠেছে শেরপুরের শ্রীবরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আশরাফ উদ্দিনের বিরুদ্ধে।

সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ফাঁস হওয়া ভিডিওটিতে দেখা যায়, ৫০ বছরোর্ধ্ব ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ উদ্দিন স্টেশনের ভেতরেই এক নারীর হাত ধরে বিভিন্ন আপত্তিকর অঙ্গভঙ্গি প্রদর্শন করে নাচ-গান করছেন। একটি সুশৃঙ্খল বাহিনীর প্রধান কর্মকর্তার এমন অপেশাদার ও নৈতিকতা বিবর্জিত আচরণে ফায়ার সার্ভিসের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও চরম অসন্তোষ দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্টেশনের এক কর্মী জানান, এই ঘটনার পর পুরো দপ্তরের শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষের মুখোমুখি হতে তাদের লজ্জায় পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. মিষ্টার মিয়া ও হুমায়ুন কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন দায়িত্বশীল অফিসারের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে বসে এই ধরনের সস্তা বিনোদন ফায়ার সার্ভিসের মতো পবিত্র ও সুশৃঙ্খল বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। আমরা দ্রুত তার অপসারণ দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি কেবল টিকটক করার জন্য ভিডিওটি করেছিলাম। অনেকেই তো টিকটক করে, তাই আমিও করেছি।’
তবে সরকারি দপ্তরে বহিরাগত নারী নিয়ে এমন ভিডিও ধারণ করা যায় কি না— এমন প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জানতে চাইলে জামালপুর ও শেরপুর জোনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, ‘একজন স্টেশন অফিসারের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে দপ্তরের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে দ্রুতই প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

