গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে সরকারি খাস জমি দখল করে নির্মাণ করা তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৯ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে স্থাপনাগুলো ভেঙে সরকারি জমি দখলমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরীফ।
স্থানীয় সূত্রে জানা যায়, উলপুর বাজার এলাকায় কয়েকজন ব্যবসায়ী সরকারি খাস জমি যথাযথ বন্দোবস্ত ছাড়াই দখল করে স্থাপনা নির্মাণ শুরু করেন। ইউনিয়ন ভূমি অফিস থেকে তাদেরকে একাধিকবার সতর্ক করা হলেও তারা নির্দেশনা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যান।
পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধ দখলের সত্যতা পাওয়ার পর উচ্ছেদ অভিযানের নির্দেশ দেন। অভিযানে বাজারের তিনটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জমি পুনরুদ্ধার করা হয়।
অভিযানের সময় উলপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মহাসিন উদ্দিন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরীফ জানান, সরকারি জমি দখল করে গড়ে তোলা তিনটি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর মালিকদের উপস্থিতি না থাকায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তিনি বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

