তীব্র গরমের মধ্যেও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে তাপমাত্রা এখনো ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে। এই পরিস্থিতিতে শুক্রবার (৫ জুন) রাতের মধ্যেই দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত ১টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারে দেশের সর্বোচ্চ ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নরসিংদীতে ৪৯ মিলিমিটার। এছাড়া চুয়াডাঙ্গা ও ভোলায় ৪৪ মিলিমিটার, চাঁদপুরে ৩৯ মিলিমিটার, টাঙ্গাইলে ৩২ মিলিমিটার, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৫ মিলিমিটার এবং বগুড়া ও নীলফামারীর ডিমলায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
Follow
Follow Zoom Bangla News On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

