রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সজল ওরফে ‘অটো সজল’কে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গ্রেফতার অন্যরা হলেন মো. বাপ্পী (২৮), মো. হানিফ (৪০) এবং মোছা. শামসুন্নাহার (৪৫)।
শুক্রবার (১৯ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে অটো সজলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বামীবাগের একটি ভাড়া বাসায় অস্ত্র ও মাদক মজুত রাখার তথ্য দেন।
পরে ওই বাসায় অভিযান চালিয়ে দুটি টরাস ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ৮৭ গ্রাম মেডি, মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রগুলো থানা থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, গত ২ মার্চ সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তদন্ত করতে গিয়ে অটো সজলের নাম সামনে আসে। এর আগে ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অটো সজল দীর্ঘদিন ধরে অস্ত্র সরবরাহ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পেশায় পরিবহনের হেলপার হলেও আড়ালে তিনি অপরাধচক্র পরিচালনা করতেন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

