
আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় দিয়ে ফিফা ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা যখন শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় উদযাপন করছে, একই সময়ে ফাঁস হয়ে গেছে পুরো আর্জেন্টাইন স্কোয়াডে থাকা ফুটবলারদের পাসপোর্টের তথ্য।
গণমাধ্যমের তথ্যমতে- নিরাপত্তাজনিত ত্রুটির কারণে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তাদের পাসপোর্টের তথ্য ফাঁস হয়ে গেছে। সেই তালিকায় স্বাভাবিকভাবে লিওনেল মেসিও আছেন। আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে হয়েছিল আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ। সেখানে প্রকাশিত খেলোয়াড়দের তালিকায় তাদের পাসপোর্ট নম্বরও ছিল।
সাধারণত খেলোয়াড় তালিকায় থাকা পাসপোর্ট নম্বরগুলো গণমাধ্যমে ও জনসাধারণের সামনে প্রকাশের আগে ঝাপসা করে দেওয়ার কথা ছিল। কিন্তু সেটি না করে ওই তালিকা বিতরণ করা হয়। এই বিষয়ে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করার কথা জানিয়েছে রয়টার্স। বিষয়টি নিয়ে আয়োজক কিংবা ভুক্তভোগী কারও মন্তব্য এখনও জানা যায়নি।
এদিকে, হন্ডুরাসের পর আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের আগমুহূর্তে প্রস্তুতি সেরেছে লিওনেল স্কালোনির দল। আলাবামায় বুধবার তারা ৮৮ হাজারের বেশি দর্শকের সামনে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয় উদযাপন করেছে। যেখানে গোল পেয়েছেন চোট কাটিয়ে ফেরা মেসিও। ম্যাচের ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিটের ব্যবধানে পেনাল্টিতে তিনি স্কোরশিটে নাম লেখান।
এর আগে ভ্যালেন্টিন বার্কোর গোলে আর্জেন্টিনার লিড এবং সর্বশেষ থিয়েগো আলমাদার ফিনিশিংয়ে জয় নিশ্চিত হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্বকাপের ২৩তম আসর শুরু হবে। তবে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে আগামী বুধবার সকালে, প্রথম ম্যাচে মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া।
সূত্র: রয়টার্স
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

