বিশ্বকাপের শেষ ষোলোয় আজ রোববার (৫ জুলাই) রাতে হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ‘ডার্কহর্স’ খ্যাত ‘ভাইকিংদের দেশ’ নরওয়ে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে ব্রাজিলকে পেরোতে হবে আর্লিং হালান্ডের নেতৃত্বে থাকা নরওয়েকে।

ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার গোল করার সামর্থ্য মাথায় রেখে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। যদিও ইতালিয়ান এই কোচের বিশ্বাস, তার দলের রক্ষণভাগ হালান্ডকে সামলানোর মতো যথেষ্ট প্রস্তুত।
অন্যদিকে, প্রতিপক্ষ হলেও ব্রাজিলের প্রতি নিজের দীর্ঘদিনের ভালোবাসার কথা প্রকাশ করেছেন হালান্ড। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিলের খেলা দেখে বড় হয়েছেন এবং দলটির ইতিহাস ও তারকাসমৃদ্ধ ঐতিহ্য তাকে সবসময় মুগ্ধ করেছে।
হালান্ড বলেন, ‘ব্রাজিল এমন একটি দল, যাদের খেলা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। সবসময় তাদের অসাধারণ সব খেলোয়াড় ছিল। তাই তাদের বিপক্ষে খেলা সত্যিই বিশেষ এবং অসাধারণ অভিজ্ঞতা হবে।’
তিনি আরও বলেন, ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, এটি ফুটবলের ইতিহাস ও সৌন্দর্যের প্রতীক। এমন একটি দলের বিপক্ষে খেলতে পারাটা দারুণ অভিজ্ঞতা। ব্রাজিলের কথা ভাবলেই বিশ্বের সেরা খেলোয়াড়দের কথা মনে পড়ে।
সাক্ষাৎকারের শেষদিকে সমর্থকদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে হালান্ড সংক্ষেপে বলেন, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে মাঠের লড়াইয়ে আবেগের কোনো জায়গা থাকবে না। প্রিয় দলের বিপক্ষেই নরওয়াকে জেতাতে নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে হালান্ডের, আর ব্রাজিল চাইবে তার গোলের হুমকি সামলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে।
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

