ঘিওরে যুবদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য, ভাঙনের ঝুঁকিতে জনপদ

সাইফুল ইসলাম : মানিকগঞ্জের ঘিওর উপজেলার ইছামতি নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য ও ওয়ার্ড যুবদলের সভাপতি রফিকুল ইসলামের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চলা এ কর্মকাণ্ডের কারণে নদীতীরবর্তী জনপদ ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

Ghior

শুক্রবার বিকেলে সরেজমিনে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা ভোরবাজার এলাকায় গিয়ে দেখা যায়, ইছামতি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের ফলে নদীর তীর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কয়েকটি বসতবাড়ি ও কৃষিজমি ভাঙনের হুমকির মুখে পড়েছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, যুবদল নেতা রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ড্রেজার পরিচালনা করে আসছেন। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে থাকলেও অজ্ঞাত কারণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এদিকে অবৈধ ড্রেজার ও মাটি ব্যবসার বিরুদ্ধে বিভিন্ন সময়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। তিনি প্রশাসনকে এসব কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন। তবে স্থানীয়দের অভিযোগ, সেই নির্দেশনার তোয়াক্কা না করেই প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন চালিয়ে যাচ্ছেন রফিকুল ইসলাম।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা রফিকুল ইসলাম বলেন, “কিছু অসমাপ্ত কাজ ছিল। সেগুলো সম্পন্ন করার জন্য ড্রেজার বসানো হয়েছে।”

জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দীপু বলেন, “সংগঠনের পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অবৈধ ড্রেজার ব্যবসা পরিচালনার সুযোগ নেই। মাননীয় এমপি মহোদয়ও এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। কেউ যদি অবৈধ ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলামকে ফোন করা হলে তিনি একটি সভায় ব্যস্ত থাকার কথা জানিয়ে পরে যোগাযোগ করতে বলেন।

স্থানীয়দের দাবি, পরিবেশ ও জনস্বার্থ বিবেচনায় দ্রুত অবৈধ ড্রেজার অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় নদীভাঙনের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment