কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার আসমিতা ইউনিয়নের উখরাশালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেহারা খাতুন (৬০) এবং তার পুত্রবধূ খালেদা আক্তার ওরফে বেবি (৩২)। তারা সম্পর্কে শাশুড়ি-পুত্রবধূ। বিষয়টি নিশ্চিত করেছেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির গোয়ালঘরে গরুকে খাবার দিতে যান দুবাইপ্রবাসী জাহাঙ্গীর হোসেনের স্ত্রী খালেদা আক্তার। এ সময় শর্টসার্কিটের কারণে গোয়ালঘরের জানালার গ্রিল বিদ্যুতায়িত হয়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পুত্রবধূকে বিপদে দেখে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন শাশুড়ি নেহারা খাতুন। কিন্তু তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
Follow Zoom Bangla News On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

