জুয়ার টাকার জন্য মায়ের কাছে না পেয়ে যুবকের আত্মহত্যা

রাজধানীর কলাবাগান এলাকায় একটি বহুতল ভবন থেকে লাফ দিয়ে এক তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম মোহাম্মদ ফয়সাল মাহমুদ (২১)। প্রাথমিকভাবে জানা গেছে, জুয়া খেলার টাকা না পেয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

জুয়া

রোববার (১২ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কলাবাগান থানার উপ-পরিদর্শক মো. শামসুল হক সুমন জানান, সংবাদ পেয়ে তারা ইস্টার্ন পথছায়া-৩ নামের একটি ভবনের দ্বিতীয় তলায় রক্তাক্ত অবস্থায় ফয়সালের মরদেহ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, তিনি ভবনের ১৩তম তলা থেকে নিচে পড়ে গুরুতর আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ফয়সাল দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন। প্রায় চার বছর ধরে নিয়মিত তিনি এই অভ্যাসে জড়িয়ে পড়েন এবং প্রতিদিনই তার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হতো।

ঘটনার দিন রাতে তিনি মায়ের কাছে টাকা চান। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষোভ বা হতাশা থেকে তিনি এই চরম সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ফয়সাল চাঁদপুর সদর উপজেলার জোর পুকুরপাড় এলাকার মৃত ডা. এ কে এম মাহমুদুল হকের ছেলে।

Leave a Comment