গায়িকার হারানো ক্রেডিট কার্ড থেকে মুহূর্তেই ৭৩ লাখ খরচ অজ্ঞাত ব্যক্তিদের

প্রতারণার শিকার হলেন আলোচিত মার্কিন র‍্যাপার কার্ডি বি। তার হারানো ক্রেডিট কার্ড ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তিরা মুহূর্তের মধ্যেই খরচ করে ফেলেছে প্রায় ৭৩ লাখ টাকা (৬০ হাজার ডলার)।

মার্কিন র‍্যাপার কার্ডি বি

নিজের সামাজিক মাধ্যমে সরাসরি এসে কার্ডি বি জানান, তার আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড হারিয়ে যাওয়ার পরই এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, খরচের বড় অংশ গেছে বিলাসবহুল পোশাক কেনাকাটায়, আর বাকি টাকা খরচ হয়েছে প্রযুক্তিপণ্য কিনতে।

ঘটনার পরপরই ক্ষোভ প্রকাশ করে লাইভে আসেন তিনি। এরপর জানান, যারা এই কাজ করেছে, তাদের তিনি আইনের আওতায় আনবেন।

লাইভে এসে গায়িকা বলেন, ‘আমার টাকার ব্যাপারে আমি কোনো ছাড় দিই না।’

কার্ডি বি জানান, তার কার্ডটি ফোনের সঙ্গে সংযুক্ত থাকায় প্রতিটি লেনদেনের খবর সঙ্গে সঙ্গেই পাচ্ছিলেন।

প্রথমে বড় অঙ্কের খরচ দেখে তিনি ভেবেছিলেন, হয়তো তার দলের কেউ ব্যবহার করছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই আবার বড় লেনদেনের নোটিফিকেশন আসায় সন্দেহ নিশ্চিত হয়।

এরপর দ্রুত কার্ডটি বন্ধ করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়। তবে ততক্ষণে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়ে যায়।

তিনি আরো দাবি করেন, তার কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে, যেখানে কয়েকজনকে তার কার্ড ব্যবহার করতে দেখা গেছে। এমনকি এটিএম থেকেও টাকা তোলার চেষ্টা করা হয়েছিল।

এই ঘটনা শুধু একজন তারকার ব্যক্তিগত ক্ষতির বিষয় নয়, বরং বর্তমান ডিজিটাল যুগে আর্থিক নিরাপত্তার ঝুঁকির বড় উদাহরণ। কোটি কোটি টাকার মালিক হয়েও প্রতারণা থেকে রেহাই পাননি কার্ডি বি। যা দেখায়, প্রযুক্তির সুবিধার পাশাপাশি ঝুঁকিও সমানভাবে বাড়ছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

গ্র্যামি জয়ী এই শিল্পীর আসল নাম বেলকালিস মার্লেনিস আলমানজার। ‘বোডাক ইয়েলো’ ও ‘আই লাইক ইট’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন।

Leave a Comment