সেনা কর্মকর্তা ও ডিজিএফআই-এর ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধ

রাজধানীসহ বিভিন্ন এলাকায় একটি প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই-এর উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে এবং ভয়ভীতি দেখিয়ে প্রতারণার চেষ্টা চালাচ্ছে। এ ধরনের ঘটনায় বিভ্রান্ত না হয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সেনা কর্মকর্তা ডিজিএফআই

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, ইদানিং দেখা যাচ্ছে, একটি প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই-এর ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয় প্রদান করে সাধারণ জনগণকে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে। এ ক্ষেত্রে তারা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত সেনা কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ব্যবহার করে বিশ্বাস অর্জনের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার অপচেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুনঃ

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এ ধরনের কোনো যোগাযোগ করা হয় না। যদি কোনো ব্যক্তি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করে অথবা অসদুপায়ে কোনো সুবিধা আদায়ের চেষ্টা করে, তাহলে অনুগ্রহ করে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির মোবাইল নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সবাইকে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। প্রতারক চক্রকে আইনের আওতায় আনার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Comment