খুলনার আফিলগেট এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গাড়িতে থাকা চারজনের মধ্যে দুজন গুরুতর আহত হন, যাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৯ মার্চ) বিকেলে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস আফিলগেট এলাকায় পৌঁছানোর সময় একটি প্রাইভেটকার রেললাইন অতিক্রম করছিল। ঠিক তখনই দ্রুতগতির ট্রেনটি গাড়িটিকে সজোরে আঘাত করে। সংঘর্ষের পর প্রাইভেটকারটি ছিটকে দূরে গিয়ে পড়ে এবং দুমড়ে-মুচড়ে যায়।
গাড়ির ভেতরে থাকা চারজনের মধ্যে দুইজন গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িতে থাকা চারজনই বন্ধু ছিলেন। তারা মশিয়ালী এলাকায় একটি ক্রিকেট ম্যাচ খেলে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।