ভূমিকম্পে ভয়ে কুমিল্লা ইপিজেডের কর্মরত অন্তত ৮০ জন নারী ভয়ে অজ্ঞান হয়ে গেছেন। তাদের মধ্যে ৫ জন দৌড়ে বের হতে গিয়ে আহত হয়েছেন। তাদের মধ্যে ইপিজেডের ভেতর বেপজা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০ জন। এ ছাড়া কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ৩০ জনকে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম আহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্পের সময় দুটি কম্পানির নারী কর্মীরা ভয়ে ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে গুরুতর আহত হননি কেউ। তাদের সবাই এখন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন।
এদিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, সেখানে অন্তত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ভূকম্প অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হন, তাদের মধ্যে অনেকে ভয়ে অজ্ঞান হয়ে অফিসের মেঝে পড়েছিলেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরিপুরে পাঁচতলা বিশিষ্ট একটি ভবন হেলে পড়েছে এবং আরো একটি দালানে ফাটল ধরেছে।