ঢাকা জেলার আশুলিয়ায় র্যাব পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডাকাতির মামলা দায়েরের মাত্র দুই ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন আশরাফুল ইসলাম ওরফে আপেল (৩৮), সুমন (৩৬), সারোয়ার হোসেন সাগর (৩৫), সুমন ওরফে ক্যাপ সুমন (৩৫) এবং কাঞ্চন (৩৫)।
শুক্রবার কেরানীগঞ্জের কমদতলী এলাকায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম সুমন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার আশুলিয়া থানায় র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় একটি মামলা দায়েরের পরই ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে জানা যায়, তারা একটি টয়োটা মাইক্রোবাসে সাভারের আকরাইন এলাকা থেকে খাগান বাজারের দিকে যাচ্ছিল। এরপর আকরাইন বাজার মোড়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন গাড়িটি থামিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
ডিবি আরও জানায়, অভিযানে তিনটি ভুয়া র্যাব পরিচয়পত্র, পাঁচটি র্যাব লেখা কালো জ্যাকেট, পাঁচটি ক্যাপ, একটি মাইক্রোবাস, ছয়টি নম্বরপ্লেট, একটি ওয়াকিটকি সেট, একটি পিস্তলের কভার, একটি খেলনা পিস্তল এবং তিন জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
ঘটনার বর্ণনায় পুলিশ জানায়, আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার দোকান বন্ধ করে প্রায় তিন ভরি স্বর্ণ, ৪০ ভরি রূপা ও ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে র্যাব পরিচয়ে একটি দল তার গাড়ি থামিয়ে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তার কাছ থেকে স্বর্ণালংকার, রূপা ও নগদ টাকা লুট করে ভবানীপুর এলাকায় ফেলে রেখে যায়।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা এর আগেও বিভিন্ন স্থানে র্যাব ও ডিবি পরিচয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এ ঘটনায় মামলার তদন্ত চলছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

