পরীমনির সঙ্গে সম্পর্কের অভিযোগে চাকরি হারালেন পুলিশের কর্মকর্তা গোলাম সাকলায়েন

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত সম্পর্কের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

পরীমনি

বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিবির গুলশান বিভাগের এডিসি হিসেবে কর্মরত থাকাকালে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও গোলাম সাকলায়েন সরকারি দায়িত্বের বাইরে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরীমনির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, জন্মদিন উদযাপন এবং সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে সময় কাটানোর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এসব কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

পরবর্তীতে তিনি লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। ২০২৩ সালের ২৮ মার্চ তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। পরে অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ওই বছরের ৩০ আগস্ট একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

তদন্ত শেষে ১২ ডিসেম্বর জমা দেওয়া প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। এর ভিত্তিতে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি তাকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি ১০ মার্চ ওই নোটিশের জবাব দেন।

তদন্ত প্রতিবেদন, তার জবাব এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় নিয়ে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামতের জন্য পাঠানো হলে কমিশনও তার বিরুদ্ধে গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসর প্রদানের পক্ষে মত দেয়।

পরবর্তীতে রাষ্ট্রপতি গত ১৭ জুন এই শাস্তিমূলক ব্যবস্থা অনুমোদন করেন। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট ধারায় ‘অসদাচরণ’-এর দায়ে গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২১ সালের জুনে ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। সেই মামলার তদন্তের দায়িত্ব পায় ডিবি, যেখানে এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন গোলাম সাকলায়েন।

পরে একই বছরের আগস্টে পরীমনির বাসায় র‍্যাবের অভিযানের আগে তাকে সাকলায়েনের সরকারি বাসভবনে দীর্ঘ সময় অবস্থান করতে দেখা গেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেই ঘটনাকে ঘিরেই তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment