কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

কক্সবাজার পৌরসভায় স্বামীর সঙ্গে পরকীয়া সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম সানজিদা হক রেশমা (৩৫)। মঙ্গলবার (৯ জুন) রাতে পৌরসভার পাহাড়তলী এলাকায় এই ঘটনা ঘটে।

পরকীয়া

স্থানীয় সূত্র জানায়, ওই রাতে একদল নারী রেশমার বাসায় প্রবেশ করে এবং তার ১২ বছর বয়সী সন্তানের সামনেই তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রেশমা কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার ঠান্ডা মিয়ার মেয়ে এবং তসলিম উদ্দিন ইমনের সাবেক স্ত্রী। তিনি সন্তানসহ টেকপাড়া এলাকার জনতা সড়কের একটি ভবনে ভাড়া থাকতেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারী ও তার দুই মেয়েসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন—ইয়াছমিন আক্তার (৩৫), তার দুই মেয়ে তানিশা সুলতানা (১৯) ও আসমাউল হুসনা (১৪)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রেশমার সঙ্গে স্থানীয় এক মুদি দোকানি শফিউল আলম সওদাগরের পরিচয়ের সূত্রে ঘনিষ্ঠতা তৈরি হয়। এ সম্পর্ক নিয়েই তার স্ত্রী ইয়াসমিন আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল বলে জানা যায়।

ঘটনার দিন রাতে শফিউল আলম সওদাগর রেশমার বাসায় অবস্থান করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এ খবর জানার পর ইয়াসমিন তার দুই মেয়ে ও কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে যান। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয় এবং রেশমাকে ছুরিকাঘাত করা হয়।

রেশমার ছেলে সাব্বির (১২) জানায়, হামলার সময় তার মা বাসায় ছিলেন এবং হঠাৎ করেই কয়েকজন নারী ঢুকে তাকে আক্রমণ করে।

এ বিষয়ে নিহতের বাসায় কাজ করা এক নারী দাবি করেন, পূর্বশত্রুতা ও ব্যক্তিগত সম্পর্কের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে পরকীয়া সন্দেহ থেকেই এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment