টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগের দুইবারের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন মারিয়া মান্দা। তবে এবার প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব নিয়ে ফাইনালে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

গোয়ার আইটিসি গ্র্যান্ড হোটেলে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে মারিয়া জানান, শক্তিশালী ভারতের বিপক্ষে কোনো ধরনের চাপ না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চান তারা। তার বিশ্বাস, সেরাটা দিতে পারলে টানা তৃতীয়বারের মতো শিরোপা জেতা সম্ভব।
সংবাদ সম্মেলনের পর ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশনেও আত্মবিশ্বাসী দেখা যায় বাংলাদেশ অধিনায়ককে। সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে ওঠার পর দলের ভেতরে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলেও জানান তিনি।
মারিয়া বলেন, “আমাদের দলের সব খেলোয়াড়ই সুস্থ ও ফিট রয়েছে। নেপালের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় পাওয়া আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। ফাইনালে ওঠার কারণে সবাই বেশ উজ্জীবিত।”
অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব নিয়ে কোনো চাপ অনুভব করছেন না বলেও জানান তিনি। বরং এই সুযোগকে দেশের জন্য সাফল্যে রূপ দিতে চান।
তার ভাষায়, “অধিনায়ক এবং খেলোয়াড়—দুই পরিচয় থেকেই এই সুযোগকে কাজে লাগানোর তাগিদ অনুভব করছি। টানা তৃতীয়বার ফাইনাল খেলার সুযোগ সবসময় আসে না। দেশবাসীকে ভালো একটি ম্যাচ উপহার দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
গ্রুপ পর্বে ভারতের কাছে পরাজয় কিংবা একই হোটেলে দুই দলের অবস্থান—এসব বিষয়কে গুরুত্ব দিচ্ছেন না মারিয়া। তার মতে, পুরো দলের মনোযোগ এখন শুধুই মাঠের খেলায়।
দর্শকচাপ নিয়েও নির্ভার বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, “আগের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালে আমরা বিপুল দর্শকের সামনে খেলেছি এবং চ্যাম্পিয়নও হয়েছি। তাই দর্শক বা বাইরের কোনো বিষয় নিয়ে আমরা চিন্তিত নই। ভারত শক্তিশালী দল, সেটা আমরা জানি। তবে তাদের মোকাবিলা করার প্রস্তুতিও আমাদের রয়েছে। যেকোনো পরিস্থিতির জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত।”
Follow
Follow Zoom Bangla News On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

