অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর ছবি গায়েব থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল।

ভক্তদের মনে দানা বেঁধেছিল হাজারো আশঙ্কা, তবে কি এবার বাদ পড়লেন ঐশ্বর্য? কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে মেয়ে আরাধ্যাকে সাথে নিয়ে মুম্বাই ছাড়েন তিনি। আর কান-এর মঞ্চে পা রাখতেই চারপাশের সব গুঞ্জন কর্পূরের মতো উড়ে গেল। ২৪ বারের মতো এই মর্যাদাপূর্ণ গালা ইভেন্টে নিজের রাজকীয় উপস্থিতি জানান দিলেন তিনি।
২০২৬ সালের কান উৎসবে ঐশ্বর্যের প্রথম লুকটি ছিল এককথায় চোখধাঁধানো। ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি একটি ভাস্কর্যসদৃশ লুমিনাস ব্লু গাউনে (মারমেইড ফিনিশ) লাল গালিচায় ঝড় তোলেন তিনি। অমিত আগরওয়ালের ডিজাইনে এই পোশাকটির নাম ছিল ‘লুমিনারা’, যা মূলত গতিশীল আলোর থিম এবং শক্তিকে কেন্দ্র করে তৈরি। পোশাকের সাথে ম্যাচিং করা একটি চমৎকার ওড়না বা দোপাট্টা তাঁর লুকে এনে দিয়েছিল আভিজাত্যের ছোঁয়া।
হালকা কোঁকড়ানো চুল, গালে ও চোখে গোলাপি আভার মেকআপ এবং ঠোঁটে লালচে-বাদামি লিপস্টিকের সাথে নীল পাথরের হিরের গয়না ঐশ্বর্যের রূপকে করে তুলেছিল অনবদ্য। বরাবরের মতো চেনা ভঙ্গিতে পাপারাৎজিদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দেয়া, দুই হাত জোড় করে ‘নমস্তে’ বলা এবং ফিঙ্গার হার্ট দিয়ে কানের মঞ্চ মাতান তিনি। লাল গালিচায় তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং ল’রিয়েলের সহ-ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইভা লঙ্গোরিয়ার সাথে পোজ দিয়ে মনিকা বেলুচ্চি অভিনীত পাম দ’র-এর প্রতিযোগী চলচ্চিত্র ‘দ্য বার্থডে পার্টি’-র স্ক্রিনিংয়ে অংশ নেন ঐশ্বর্য।
ভারতীয়দের কাছে কান চলচ্চিত্র উৎসব মানেই যেন ঐশ্বর্য রাই। ২০০২ সালের মে মাসে শাহরুখ খানের সাথে ‘দেবদাস’ সিনেমার স্ক্রিনিংয়ের মাধ্যমে কানের মঞ্চে প্রথম পা রেখেছিলেন তিনি। ডিজাইনার নীতা লুল্লার হলুদ শাড়ি পরে পরিচালক সঞ্জয় লীলা বনশালির সাথে সেই প্রথম হাঁটা আজ ইতিহাসের অংশ। এরপর ২০০৩ সাল থেকে ল’রিয়েলের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়মিত এই উৎসবের মূল আকর্ষণ হয়ে আছেন তিনি। এবারের ল’রিয়েল পোস্টারে তাঁকে না দেখে ভক্তদের ক্ষোভের মুখে ব্র্যান্ড কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, ঐশ্বর্য হলেন ‘টাইমলেস বা চিরন্তন’।
ঐশ্বর্য মানেই কানের মঞ্চে নতুন কোনো চমক। ২০০৭ সালে অভিষেকের সাথে বিয়ের পর জর্জিও আরমানির গাউনে স্বামীর হাত ধরে হাঁটা, ২০১৪ সালের ক্যাভালির পোশাকে বোল্ড রেড লিপস কিংবা ২০১৭ সালে কানের মঞ্চে ১৫ বছর পূর্তিতে মাইকেল সিনকোর সেই ‘সিন্ডারেলা গাউন’, প্রতিটি লুকই ছিল ইতিহাস।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মাঝখানে অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদের গুঞ্জনে যখন বলিপাড়া উত্তাল, তখনও এই দম্পতি মুখে কুলুপ এঁটেছিলেন। তবে ২০২৫ সালে মণীশ মালহোত্রার আইভরি শাড়ির সাথে কপালে সিঁদুর পরে ট্রোলারদের মোক্ষম জবাব দিয়েছিলেন ঐশ্বর্য, যাকে ভক্তরা ভালোবেসে ‘অপারেশন সিঁদুর’ বলে আখ্যা দিয়েছিল। দুই দশকেরও বেশি সময় ধরে কানের লাল গালিচায় ভারতের প্রতিনিধিত্ব করা ঐশ্বর্য রাই বচ্চন প্রমাণ করে দিলেন, গ্ল্যামার আর আভিজাত্যে তাঁর সিংহাসন এখনো কেউ কেড়ে নিতে পারেনি।
তথ্যসূত্র: এনডিটিভি
Follow
Follow Zoom Bangla News On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

