ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আবুলের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত ঘটনায় দায়ের হওয়া চারটি হত্যা মামলা, একাধিক হত্যা চেষ্টা মামলা এবং মানবপাচারের মামলায় আসামি হয়েও তিনি এলাকায় প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আবুল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নিজ গ্রাম ফরদাবাদের উত্তরপাড়ায় ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মাইকে বক্তব্য দেন বলেও অভিযোগ রয়েছে। সেখানে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ ছাড়া অভিযোগ রয়েছে, ঈদ উপলক্ষে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন। একই সঙ্গে নিজ বাড়িতে তিনটি গরু কোরবানি করে বিভিন্ন গ্রামে নেতাকর্মীদের মাঝে মাংস পাঠানো হয়েছে বলেও জানান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর, সিদ্ধিরগঞ্জ ও মিরপুর থানায় তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা রয়েছে। পাশাপাশি তিনটি হত্যা চেষ্টা মামলা এবং মালয়েশিয়ায় মানবপাচারের একটি মামলাও রয়েছে বলে জানা যায়। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত বাঞ্ছারামপুরে অবস্থান করে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অভিযুক্ত রফিকুল ইসলাম আবুলের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
Follow
Follow Zoom Bangla News On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

