ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি মরণব্যাধি ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। উন্নত চিকিৎসার মাধ্যমে শারীরিক জটিলতা অনেকটাই কাটিয়ে তিনি এখন আগের তুলনায় ভালো আছেন। ঈদুল আজহার আগের দিন রাতে সামাজিক মাধ্যমে তিনি ভক্তদের উদ্দেশে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।

চলতি বছরের শুরুতে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে। গত ফেব্রুয়ারিতে ঢাকায় তার প্রথম দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হলেও মে মাসে আবারও তার অসুস্থতার খবর পাওয়া যায়।
ভক্তদের উদ্বেগ ও ভালোবাসার জবাব দিতেই ঈদের আগের রাতে নিজের অফিসিয়াল পেজে একটি পোস্ট দেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, “আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি এখন অনেকটাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে ধন্যবাদ।”
কাজে ফেরার আশার কথা জানিয়ে তিনি আরও লেখেন, “অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং ইনশাআল্লাহ ফিরব। ঈদটা সবাই ভালো কাটান। এই ঈদের সময় আপনাদের সঙ্গে লাইভে থাকতে চাই। ইনশাআল্লাহ সবার সঙ্গে কথা হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।”
বর্তমানে ছোট পর্দার অন্যতম ব্যস্ত এই অভিনেত্রীর অভিনীত একাধিক নাটক দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার সুস্থতার খবরে ভক্ত ও সহকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন। সবাই এখন তার সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও শুটিংয়ে ফেরার অপেক্ষায় আছেন।
Follow
Follow Zoom Bangla News On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

