ছাত্র আন্দোলন চলাকালে জামায়াতে ইসলামী কিংবা ছাত্রশিবিরের কারও সঙ্গে কোনো ধরনের আলোচনা বা তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

জাতীয় সংসদে তিনি বলেন, জামায়াতে ইসলামীর অতীত ভূমিকা তিনি স্বীকার করেন। তবে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সময় জামায়াত বা ছাত্রশিবিরের কারও সঙ্গে আলোচনা বা পরামর্শ গ্রহণের সুযোগ হয়নি।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘বর্তমানে অনেকে জুলাই আন্দোলন নিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু মনে রাখতে হবে, জুলাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দীর্ঘ দেড় দশকের লড়াই-সংগ্রামের ধারাবাহিকতা। ফুটবল খেলায় কেউ শেষ মুহূর্তে নেমে গোল করতে পারে, কিন্তু তাই বলে তাকে সেরা খেলোয়াড় বলা যায় না। যারা রাজপথে জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, তারা কোনো ক্ষমতাকেন্দ্রিক দল গঠনের জন্য রক্ত দেয়নি।’
তিনি আরও বলেন, ‘১৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সময় ছিল অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ। আন্দোলনের আট দফা কর্মসূচি আমি নিজেই প্রণয়ন করি। সে সময় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। ১৯ জুলাই রাতে গ্রেপ্তারের ঠিক আগ পর্যন্ত আমি জহির উদ্দিন স্বপন, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা করেছি।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংসদীয় গণতন্ত্রের পথে অগ্রণী উল্লেখ করে নুর বলেন, প্রবাসে অবস্থান করেও তিনি দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন। ২০২২ সালে ঘোষিত ৩১ দফা সংস্কার পরিকল্পনার মাধ্যমে তিনি যে রাষ্ট্র কাঠামোর রূপরেখা তুলে ধরেছিলেন, বর্তমান সরকার সেই সংস্কার কার্যক্রমই বাস্তবায়ন করছে। মন্ত্রীসভায় কাজ করতে গিয়ে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য আমরা গভীরভাবে অনুভব করছি।
নুরুল হক নুর বলেন, ‘তর্কের খাতিরে তর্ক কিংবা বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন না। পবিত্র কোরআনের সূরা বাকারার উদ্ধৃতি দিয়ে বলছি—সত্যের সঙ্গে মিথ্যা মিশ্রিত করবেন না এবং জেনে-শুনে সত্য গোপন করবেন না। বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করা অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক।’
তিনি আগামী পাঁচ বছর সরকারকে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।