একতরফা কোনো রাজনৈতিক দলকে দায়ী করা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম সিটি কলেজে একটি ছাত্রসংগঠনের সশস্ত্র হামলায় একজনের পা কেটে নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তবে এ ঘটনায় তদন্ত ছাড়া কাউকে দোষারোপ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ছাত্রদের সংঘর্ষের বিষয়টি উত্থাপন করেন শাহজাহান চৌধুরী। তিনি বলেন, গত ২৯ জুলাই নিউমার্কেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে যারা হামলা করেছিল, তারাই আজ সিটি কলেজে সশস্ত্র হামলা চালিয়েছে এবং একজন শিক্ষার্থীর পা কেটে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে। চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পার্শ্ববর্তী এলাকার কিছু অস্ত্রধারী ব্যক্তি, যারা ছাত্র পরিচয়ে পরিচিত, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষকে দোষারোপ করা হচ্ছে, তবে প্রকৃত ঘটনা জানতে তদন্ত প্রয়োজন। তিনি জানান, গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে বিস্তারিত জানতে সময় লাগবে।

তিনি আরও বলেন, কোনো তদন্ত ছাড়া একতরফাভাবে কোনো রাজনৈতিক দলকে দায়ী করা ঠিক নয়। তিনি আশ্বস্ত করেন যে, বিষয়টি খতিয়ে দেখে সংসদে নিয়ম অনুযায়ী বিস্তারিত বিবৃতি দেওয়া হবে।

Leave a Comment